শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেট কারে করে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে বৃষ্টির বাড়িতে যায় মোমিন
পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে বৃষ্টি খাতুন (১৮) নামের এক গৃহবধূ খুন হয়েছে। গত শনিবার সকালে মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি খাতুন ওই গ্রামের জালাল বিশ্বাসের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে পাবনার নয়নামতি মহল্লার বাসিন্দা আলাই বিশ্বাসের ছেলে মোমিন হোসেনের সাথে বৃষ্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই বৃষ্টির উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল মোমিন। নির্যাতন সইতে না পেরে প্রায় বছরখানেক আগে বাবার বাড়িতে চলে আসে বৃষ্টি। মাঝে-মধ্যে বৃষ্টিকে বাবার বাড়ি থেকে আনার জন্য একাধিকবার গ্রাম্য বৈঠকও করা হয়। কিন্তু তাতে কোনো ফল হয় না। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেট কারে করে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে বৃষ্টির বাড়িতে যায় মোমিন। এসময় বৃষ্টিকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। বৃষ্টির চিত্কারে স্থানীয়রা আহত বৃষ্টিকে দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে বিকালে মারা যায় বৃষ্টি। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক। লাশ পাবনায় আসার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান।
