ইত্তেফাক রিপোর্ট
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, জার্মানির হিটলার নেই। কিন্তু হিটলারের ভাবাদর্শ নিয়ে যদি কোনও রাজনীতি শুরু হয়, সেটা কি বুঝতে জার্মান পিপলদের অসুবিধা হবে? তেমনিভাবে জামায়াতের ক্ষেত্রেও একইভাবে বলবো, কেউ যদি জামায়াতি ভাবধারায় রাজনীতি শুরু করতে চায় সেটা কি সাধারণ জনগণ বুঝবে না? গতকাল রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ সব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেছে। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল সর্বোচ্চ আদালতে বিচারাধীন। এ কারণে বিচারাধীন বিষয়ে কোনও নির্বাহী আদেশ দেওয়া যাচ্ছে না বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটা যথার্থ।
তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার প্রধান উদ্দেশ্য কি ক্ষমতায় যাওয়া? আর ক্ষমতায় যেতে হলে নির্বাচন করতে হবে। যদি ওই রাজনৈতিক দলের নিবন্ধনই না থাকে তা হলে কিভাবে নির্বাচন করবে? নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া যারা রাজনীতি করতে চায়, সেটা তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি। সে সব রাজনীতি তো আমাদের দেশের সাধারণ জনগণ গ্রহণ করে না। কাজেই বাস্তবতা হলো, রাজনীতি করতে হলে নির্বাচন কমিশন থেকে একটি লাইসেন্স (নিবন্ধন) থাকতে হবে। আর জামায়াতের সেই নিবন্ধন বাতিলের মামলাটি আপিল বিভাগে বিচারাধীন আছে। আশা করি, অতি দ্রুত আপিলের শুনানির ব্যবস্থা নিতে পারবো।
