আখাউড়ায় মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে ওসি প্রত্যাহার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সীমান্তে চোরাকারবারিদের সহযোগিতা ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আখাউড়া থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান এ তথ্য জানান। তাকে প্রত্যাহার করে গত শনিবার রাতে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা যায়, ওসি মোশাররফ হোসেনের বিরুদ্ধে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ছাড়াও থানার শতাধিক স্পট থেকে মাসে প্রায় কোটি টাকা মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও চট্টগ্রাম ডিআইজি কার্যালয় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে। গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্তে জেলায় ১৬ পুলিশ সদস্যের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পায়। তাদের মধ্যে শীর্ষে ছিলেন ওসি মোশাররফ। অভিযোগ রয়েছে, তিনি শীর্ষ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের রক্ষা করেছিলেন। তবে অভিযোগে ওসি মোশাররফ হোসেন বলেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক না।