মঠবাড়িয়ায় হিন্দু পরিবারের সাতজন আহতের ঘটনায় মামলা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০২

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় জমির মালিকানা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একটি হিন্দু পরিবারের চার নারীসহ সাত জন আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার গভীর রাতে আহত খোকন হাওলাদার বাদী হয়ে আট জন এজাহার নামীয় ও ৩০/৩৫ জন অজ্ঞাত আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। আহতরা হলেন সাথী রানী, হাসি রানী, রেনু বালা, মাধবী রানী, খোকন হাওলাদার, স্বপন হাওলাদার ও পিযূষ হাওলাদার।

মামলায় উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে প্রতিপক্ষ শাহজাহান মাতুব্বর ও তার ছেলে ৪০/৫০ জনের একটি মুখোশধারী দল সন্তোষ হাওলাদারের বাড়িতে হামলা করে। পরে পরিবারের লোকজনকে অবরুদ্ধ রেখে বিরোধীয় জমিতে ঘর তুলে দখল নেয়। এসময় হামলাকারীরা দুইটি ঘরের আসবাবপত্র তছনছ করে দেয়।

উল্লেখ্য, উপজেলার সাপলেজা ইউনিয়য়ের সন্তোষ হাওলাদারের পরিবারের সঙ্গে শাহজাহান মাতুব্বরের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতে প্রতিপক্ষ শাহজাহান ৫০/৬০ জনের দলবলসহ সন্তোষ হাওলাদারের বাড়িতে হামলার চালায়। জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া থানায় খবর দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষরা পালিয়ে গেলে দখলে নেওয়া জমির ঘর অপসরণ করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি এমআর শওকত আনোয়ার বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।