ইত্তেফাক রিপোর্ট
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করাকে হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেছেন, অনেকগুলো বড় বড় রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশা খবর। আমরা সবসময় চাই, নির্বাচন প্রতিযোগিতামূলক হোক এবং সকল দল অংশগ্রহণ করুক।
রবিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধনকালে এসব কথা বলেন। উপজেলা পরিষদের নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলেও গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নিবন্ধিত রাজনৈতিক দলের বেশিরভাগ এই নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।
সিইসি বলেন, সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও আমি বিশ্বাস করি উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। কারণ এই স্থানীয় নির্বাচনে দলের মধ্যে অথবা বাইরে অনেক যোগ্য লোক থাকেন যারা নির্বাচনে প্রতিযোগিতা করেন। নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালনে গাফলতি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে সিইসি বলেন, আপনাদের কোনো আচরণের কারণে যদি নির্বাচন ব্যাহত হয়, বিঘ্নিত হয়, সেটা কিন্তু আমরা কঠোরভাবে দমন করবো। আপনারা কেবল আইন কানুনের ভিত্তিতে নিরপেক্ষভাবে নির্বাচন করবেন। আপনাদের কোনো দল নেই, মত নেই, রাজনৈতিক দলকে কোনো পরামর্শ দেয়ার সুযোগ নেই। সাংবিধানিক, আইন কানুনের যতটুকু দায়িত্ব আছে তার বাইরে আর কোনো চাওয়া নেই।
