ঘিওরের দুই ভাষা সৈনিকের মানবেতর জীবনযাপন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪

অনেকেই পাননি

রাষ্ট্রীয় স্বীকৃতি

ভাষা আন্দোলনে মানিকগঞ্জের রয়েছে গৌরবময় ইতিহাস

 

 

 

 

g মোঃ শফি আলম, ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা  

ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন রফিক উদ্দিন আহমদ। তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে। এছাড়াও মায়ের ভাষা রক্ষার আন্দোলনে শরিক হোন জেলার ঘিওরের আরো কয়েকজন কৃতী সন্তান। ভাষা আন্দোলনের সেই সূর্য সৈনিকদের বেশির ভাগই মারা গেছেন। আর যারা বেঁচে আছেন, তাদের খবর কজনই বা রাখেন। অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমনই দুজন ভাষাসৈনিক হলেন তেরশ্রী গ্রামের কমরেড আঃ হাকিম মাস্টার এবং বানিয়াজুরী গ্রামের মিরান উদ্দিন মাস্টার।

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার আন্দোলনের ঢেউ এসে পৌঁছায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে। তত্কালীন মানিকগঞ্জ মহকুমা শহরে গড়ে ওঠে ‘মাতৃভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ’। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত উক্ত পরিষদের নেতৃত্বে ভাষা আন্দোলন চলতে থাকে। আর এ আন্দোলনে শামিল হন মানিকগঞ্জের আরো ২১ জন কৃতী সন্তান।  তেরশ্রী কে এন (কালী নারায়ণ) ইনস্টিটিউশনের শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণেই এই আন্দোলনের সূচনা ঘটে। “ফেব্রুয়ারি মাস আসলেই ডাক পড়ে আমাদের কিন্তু এরপর আর কেউ খোঁজ রাখে না।”- অনেকটা আক্ষেপের সুরে কথাগুলো বললেন ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের ভাষা সৈনিক মিরান উদ্দিন মাস্টার। রাষ্ট্রভাষা আন্দোলনের সেই ৯ম শ্রেণীর টগবগে কিশোর মিরান এখন ৮৪ বছরের বৃদ্ধ। জানালেন, তিনি ছিলেন নবম শ্রেণির ক্লাস ক্যাপ্টেন। সেদিন স্কুলে আসার পর তাকে এবং ওয়াজেদ উদ্দিন, রেহাজ উদ্দিন, নিরঞ্জন, যতিনকে ডেকে পাঠান স্কুলের শিক্ষক প্রমথনাথ নন্দী ও আফসার উদ্দিন। ঢাকায় বাংলা ভাষা নিয়ে আন্দোলন সম্পর্কে তাদের বোঝান দুই শিক্ষক। বলেন উর্দু যদি রাষ্ট্রভাষা হয় তাহলে বাঙালিদের নিজস্বতা বলতে কিছু থাকবে না। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ঢাকা থেকে ছাত্র সংগ্রাম পরিষদের পাঠানো লিফলেট তাদের হাতে দিয়ে বলেন, এগুলো ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্রদের মাঝে বিলি করতে হবে।

বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের ভাষা সৈনিক কমরেড আঃ হাকিম মাস্টার। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হলেও ভাগ্যে জোটেনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। দারিদ্র্যের সাথে লড়াই করে তিনি মানবেতর জীবন-যাপন করছেন। কর্মজীবনে কমরেড আ. হাকিম মাস্টার তেরশ্রী কে.এন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ৫২’র ভাষা আন্দোলন, ৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ এবং ৯০’এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তিনি রাজপথে থেকে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৯ সালে আ.হাকিম মাস্টার তেরশ্রী কে.এন ইনস্টিটিউশনের ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।

ভাষা সৈনিক কমরেড আব্দুল হাকিম মাস্টারের সাথে আলাপকালে তিনি দুঃখ করে বলেন, “ভাষার জন্য আমরা সংগ্রাম করেছি, জেল খেটেছি, জুলুম-অত্যাচার-নির্যাতন সহ্য করে দিনের পর দিন পালিয়ে থেকেছি। মায়ের ভাষার জন্য এ দেশের ছাত্ররা ঢাকা রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়েছে। এতোকিছুর পরেও ভাষার প্রতি চলছে চরম অবজ্ঞা।”