ইত্তেফাক ডেস্ক
জাতিসংঘের মার্কিন দূত পদে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন হিথার নোয়ার্ট। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত প্রার্থী নোয়ার্ট জানান, পরিবারের ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমানে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে কাজ করছেন নোয়ার্ট। গত বছরের অক্টোবরে জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন দূত নিক্কি হ্যালি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। গত ডিসেম্বরে জাতিসংঘের নতুন মার্কিন দূত হিসেবে নোয়ার্টকে মনোনীত করেন ট্রাম্প। এ পদটিতে সাধারণত দক্ষ আলোচক ও পররাষ্ট্র নীতিবিষয়ক শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। তবে মার্কিন সরকারে মাত্র দুই বছর ধরে কাজ করা নোয়ার্ট সেই দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। এরই মধ্যে শনিবার আকস্মিকভাবে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিলেন নোয়ার্ট। -রয়টার্স
