ভোকাল ব্যান্ড ‘অল গার্ল পপ ব্যান্ড’-এর অপেক্ষা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬

গানের রিয়্যালিটি শোর জনপ্রিয়তা দেশের বরাবরই রয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি রিয়্যালিটি শোর মধ্য দিয়ে অনেক নতুন সঙ্গীতশিল্পীও যুক্ত হয়েছেন দেশের সঙ্গীতাঙ্গনে। তবে গত কয়েক বছর ধরে নতুন কোনো গানের রিয়্যালিটি শো হচ্ছে না। এ নিয়ে বিভিন্ন সময় অনেক পরিকল্পনার কথা জানা গেলেও চূড়ান্ত কোনো ফল দেখা যায়নি। তবে গত বছর থেকে শুরু হওয়া রিয়্যালিটি শো ‘সানসিল্ক ডিভাস’ সেই বিরতি ভাঙলো। শুধু তাই নয় নতুন পরিকল্পনা নিয়ে শুরু হলো অনুষ্ঠানটি। শুধু মেয়েদের নিয়ে শুরু হতে যাচ্ছে এই রিয়্যালিটি শোটি। প্রতিযোগিতা থেকে উঠে আসবেন চারজন নারী সঙ্গীতশিল্পীকে। আর তাদের নিয়েই করা হবে পেশাদার ‘অল গার্ল পপ ব্যান্ড’। বিশ্বের অন্যতম প্রধান মিউজিক ও এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি সনি ডিএডিসির সহায়তায় এই আয়োজন করেছে ইভেন্টস কোম্পানি ক্রেইন্স লিমিটেড। এই প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার কাজী ফয়সাল আহমেদ অনুষ্ঠানটি প্রসঙ্গে বলেন, ‘এটি নতুন একটি উদ্যোগ বাংলাদেশে। শুধু তাই নয় প্রতিযোগীদের সাড়াও বেশ প্রশংসনীয় ছিল। এখনও আমাদের বাছাই পর্ব চলছে। মার্চের শেষের দিকে গ্র্যান্ড ফিনালে হওয়ার পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের রয়েছে।’

এই প্রতিযোগীতায় রয়েছে চারজন বিচারক। তারা হলেন আলিফ আলাউদ্দিন, হূদয় খান, শারমিন সুলতানা সুমি ও জোহাদ।

আলিফ আলাউদ্দিনের সাথে এই শো নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পুরো অনুষ্ঠানটি আমি বেশ উপভোগ করছি। দেশের সঙ্গীতাঙ্গনে নতুন একটি কাজ হতে যাচ্ছে। এখানে যারা প্রতিযোগী রয়েছেন তাদের আগ্রহের জায়গাটা বেশ ইতিবাচক। আমার চেষ্টা ছিল এবং থাকবে এই প্লাটফর্মে যারা রয়েছেন তাদের সুষ্ঠু দিকটা দেখানে।’

অনুষ্ঠানে যারা বিজয়ী হবে তাদের জন্য বেশকিছু চমক থাকছে। সনি ডিএডিসির সহায়তায় পাবে বলিউডের ছবিতে গান গাওয়ার সুযোগ। এছাড়া ব্যান্ডটির সঙ্গে দুই বছরের চুক্তি থাকবে সনি ডিএডিসি ও ক্রেইন্স লিমিটেডের। কমপক্ষে ৩০টি লাইভ পারফরম্যান্স করার সুযোগ থাকবে এই চুক্তিতে। প্রকাশিত হবে দুটি অ্যালবাম। অনুষ্ঠানটি প্রচার করছে দীপ্ত টিভি।