ফ্রান্সের প্যারিসে ১২ ফেব্রুয়ারি বসেছিল চলচ্চিত্র উত্সব ‘ফেস্টিভাল দ্য ফিল্ম দ্য এশিয়া দ্য সউথ’। এবার এই উত্সবের ৬ষ্ঠ আসর আয়োজিত হয়। যেখানে দক্ষিণ এশিয়ার আলোচিত ছবিগুলো প্রদর্শনী হয়। ৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উত্সবে এবার মূল নজরে ছিল এশিয়ার তরুণ নির্মাতাদের ছবি। আর এই উত্সবে ছবি নিয়ে হাজির হন বাংলাদেশে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের তরুণ নির্মাতারা। যেখানে গিয়েছিল নূর ইমরান মিঠুর পরিচালিত ছবি ‘কমলা রকেট’। শুধু তাই নয়, প্যারিস জয় করলো ছবিটি। ফ্রান্সে সদ্য সমাপ্ত দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উত্সবের ৬ষ্ঠ আসরে ছবিটি প্রধান পুরস্কার ‘জুরি প্রাইজ’ জিতে নেয়।
প্রতিযোগিতা বিভাগে ছিল মোট ৭টি ছবি। এরমধ্যে ছিল ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপের ছবি ‘মুক্কাবাজ;, কর্ম তাকাপার ‘রালাং রোড’, হার্দিক মেহতার ‘রাউন্ড ফিগার’, নিকোলাস জোলের ‘সংঘর্ষ’, ‘দ্য টাইম অব দ্য ফাইট’, পাকিস্তানি নির্মাতা আরশাদ খানের ‘আবু: ফাদার’ ও সাবিহা সুমারের ‘আজমাইশ: জার্নি থ্রো দ্য সাবকন্টিনেন্ট’।
উত্সবে ‘পাব্লিক প্রাইজ’ জিতে নেয় ভারতীয় ছবি ‘রাউন্ড ফিগার’। ছবিটির নির্মাতা হার্দিক মেহতা। ‘ফাদার’-এর জন্য ‘স্টুডেন্ট জুরি প্রাইজ’ জিতে নেন পাকিস্তানের আরশাদ খান।
গেল বছর বাংলাদেশে মুক্তি পায় চলচ্চিত্র ‘কমলা রকেট’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম।
