বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এখন মনোযোগ দিতে হবে সেবার মান বৃদ্ধির দিকে এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা গুলোর দক্ষ বাস্তবায়নের দিকে।
সোমবার ঢাকায় ব্র্যাক সেন্টার ইনে ব্র্যাক ইন্সটিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)- আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে. চৌধুরী।
বিআইজিডি-এর তরুণ গবেষকরা সেমিনারে ই-গভমেন্ট প্রোকিউরমেন্ট, জমির ই-মিউটেশন, গ্রাম আদালত ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকার যে সমস্ত সেবা দিচ্ছেন তা নিয়ে গবেষণা পত্র উপস্থাপন করেন।
ড. আতিউর বলেন, সরকার জনগণের জন্য সেবার মান বৃদ্ধি এবং সেবা প্রদানের প্রক্রিয়াকে আরও দক্ষ ও কার্যকর করতে বদ্ধপরিকর। দেশের বৃহত্তর জনগণের কাছে বিশ্বমানের ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তুলছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তারাও যেন এক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন সে জন্য সরকার ডিজিটাল স্টার্ট-আপ গুলোকে নানাভাবে সহায়তা করছে।
আরো পড়ুন: বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের মনোনয়নপত্র দাখিল
তিনি আরো বলেন, জাতীয় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপকল্প হাজির করার ক্ষেত্রে বাংলাদেশ সফল হয়েছে এবং এখন সময় বৃহৎ লক্ষ্যগুলোকে ছোট ছোট বাস্তবায়নযোগ্য অংশে বিভক্ত করে দ্রুত কাজে ঝাঁপিয়ে পড়ার।
ইত্তেফাক/অনি
