ইত্তেফাক রিপোর্ট
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী ২ বছরের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের নিজেদেরকে ডিজিটাল শিক্ষার উপযোগী করে গড়ে তুলতে হবে। গতকাল আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং প্রকল্প ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় সেরা প্রশিক্ষণার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। অন্যদের মধ্যে ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক একেএম খায়রুল আলম, লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দা সালমা জাফরীন এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: শাহাদাত্ হোসেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০১৯ সালের মধ্যে ৪ হাজার ৫০০ ইউনিয়নকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের বিস্ময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গত দশ বছরে দেশ দ্রুত এগিয়ে গেছে।
