খিলগাঁওয়ে ভ্যানিটিব্যাগ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

রিকশাযাত্রীর কাছ থেকে ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় রবিউল ইসলাম (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ভ্যানিটিব্যাগটি উদ্ধার করা হয়েছে। রবিউল গত অক্টোবর মাসেও রমনা থানায় একটি ছিনতাই মামলায় গ্রেফতার হয়েছিল। পরে জামিনে বেরিয়ে আবার একই কাজ শুরু করে। তার বাসা মিরপুরের কালশী এলাকায়। গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায়।

পুলিশ জানিয়েছে, গতকাল সকালে চট্টগ্রাম থেকে কমলাপুর রেলস্টেশনে আসেন জনৈক মোস্তফা ও তার মেয়ে মারজানা। তারা সকাল ৭টার দিকে সেখান থেকে রিকশা নিয়ে খিলগাঁওয়ে এক স্ব্বজনের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকরা রিকশাটি খিলগাঁওয়ে আনসার সদর দফতরের কাছে পৌঁছলে রবিউল মোটরসাইকেল দিয়ে তাদের গতিরোধ করে। চাকুর ভয় দেখিয়ে মারজানার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেয়। এ সময় তিনি ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিত্কার করলে টহলে থাকা খিলগাঁও থানার দু’জন পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে। একপর্যায়ে তাকে শাজাহানপুরের ভূমি অফিসের কাছ থেকে আটক করা হয়। রবিউলের কাছ থেকে ভ্যানিটিব্যাগ এবং ছিনতাই কাজে ব্যবহূত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করে পুলিশ। ব্যাগটি মারাজানাকে ফেরত দেওয়া হয়।