শারদ উৎসবে পেটপূজা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:২৬

বাঙালি খেতে সব সময়ই পছন্দ করে। উৎসব-পার্বণে তো কথাই নেই। চলছে শারদীয় দুর্গোৎসব। সাজ-পোশাকের সঙ্গে পূজার আনন্দ আরো বাড়িয়ে দেয় মুখরোচক বিভিন্ন খাবার। পাঠকদের জন্য পূজার প্রচলিত কয়েকটি রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি।

লুচি-আলুর দম

লুচির প্রয়োজনীয় উপকরণ

    • ময়দা ১২টি লুচির জন্য পরিমাণমত
    • তেল ২ টেবিল চামচ
    • ঘি ৩ চা চামচ
    • লবণ পরিমাণমত
    • কালোজিরা সামান্য

প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দার সঙ্গে তেল, লবণ, ঘি, হালকা গরম পানি দিয়ে ভালো করে ময়ান তৈরি করে ৩০ মিনিট রেখে দিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে নিতে হবে। এরপর কড়াইতে তেল ও ঘি গরম হওয়ার পর লুচি ভেজে গরম গরম পরিবেশন করুন।

আলুর দমের প্রয়োজনীয় উপকরণ

    • বড় আলু ৪টি
    • পেঁয়াজ ৪টি
    • পাঁচফোড়ন ১ চা চামচ
    • কাঁচা মরিচ ৫/৬টি
    • হলুদ আধা চা চামচ
    • মরিচ ১ চা চামচ
    • আদা বাটা ১ চা চামচ
    • জিরার গুড়া আধা চা চামচ
    • লবণ পরিমাণমত
    • চিনি পরিমাণমত
    • টমেটো গ্রেট ১টি
    • পেঁয়াজ বাটা ২ চা চামচ

প্রস্তুত প্রণালি : প্রথমে আলুগুলো ধুয়ে ভেজে নিতে হবে। ভাজা তেলে পাঁচফোড়ন ও সব মসলা দিয়ে তার মধ্যে টমেটো গ্রেট, আলুসহ ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিন। সবশেষে গরম গরম পরিবেশন করুন লুচির সঙ্গে।

মাটন কষা

প্রয়োজনীয় উপকরণ

    • খাসির রান ও সিনার মাংস ১ কেজি
    • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
    • আদা বাটা ১ টেবিল চামচ
    • রসুন বাটা ১ টেবিল চামচ
    • জিরা বাটা ১ টেবিল চামচ
    • ধনে বাটা ১ টেবিল চামচ
    • গোলমরিচ বাটা ১ টেবিল চামচ
    • টমেটো কুঁচি ১টি
    • মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
    • হলুদের গুঁড়া ১ টেবিল চামচ
    • গরম মসলা বাটা ১ টেবিল চামচ
    • জায়ফল-জয়ত্রী বাটা ১ চা চামচ
    • তেল ১/২ কাপ
    • পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
    • আস্ত গরম মসলা তেজপাতা
    • দারুচিনি, এলাচি, লবঙ্গ ২টি করে
    • লবণ স্বাদমত

প্রস্তুত প্রণালি: প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ও আস্ত গরম মসলা ভেজে অন্যান্য মসলা দিয়ে কষিয়ে মাংস দিয়ে কষাতে হবে। এ সময় কোনো পানি দেওয়া যাবে না। কারণ মাংসের থেকে যতটুকু পানি ওঠবে ওইটুকু দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। কষাতে কষাতে মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে গরম মসলার গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘মাটন কষা’।

পাঁচফোড়নে সবজি

প্রয়োজনীয় উপকরণ

    • পাঁচফোড়ন ১ টেবিল চামচ
    • ঝিঙা ১/২ কাপ
    • আলু ১/২ কাপ
    • মিষ্টি কুমড়া ১/২ কাপ
    • লাউ ১ কাপ
    • মুলা ১/২ কাপ
    • ফুলকপি ১/২ কাপ
    • মটরশুঁটি ১/২ কাপ
    • সিম ১/২ কাপ
    • পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
    • আদা ছেঁচা ১ টেবিল চামচ
    • গুঁড়া দুধ ১/৪
    • লেবু ১ টুকরা
    • রসুন ছেঁচা ১ টেবিল চামচ
    • কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
    • হলুদ গুঁড়া ১চা চামচ
    • পাঁচফোড়ন টেলে গুঁড়ো করা ১চা চামচ
    • লাল-সবুজ কাঁচামরিচ ৫/৬টি
    • সরিষার তেল ২ টেবিল চামচ
    • টমেটো কুঁচি ১টি
    • তেল ২ টেবিল চামচ
    • চিনি ও লবন স্বাদমতো

প্রস্তুত প্রণালী : প্রথমে সবজিগুলো কিউব সাইজে কেটে নিতে হবে। এই পর্যায়ে গুঁড়া দুধে সামান্য পানি মিশিয়ে লেবু চিপে দই তৈরি করে নিন। এবার কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন, পেঁয়াজ বাটা ও ছেঁচে নেওয়া আদা, রসুন দিয়ে হালকা নেড়ে হলুদ গুঁড়া ও কাঁচা মরিচ বাটা ও সবজিগুলো দিয়ে কষিয়ে ঢেকে দিন। সবশেষে ঢাকনা খুলে দই ও টমেটো কুঁচি দিয়ে নেড়ে আরো কিছুক্ষণ রান্না করে কাঁচা মরিচ ও পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ‘পাঁচফোড়নে সবজি’।

ইত্তেফাক/আরএম/এনএজেডএন