১০ মাস আগে ঢাকার আশুলিয়া থানায় নিহত সাইফুলের লাশ আদালতের নির্দেশে গতকাল সোমবার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নলবুনিয়ার কবর থেকে পুলিশ উত্তোলন করেছে। পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফকরুল ইসলাম ও ইন্দুরকানী থানা পুলিশের উপস্থিতিতে আশুলিয়ার পুলিশ ডিএনএ টেস্টের জন্য সোমবার বিকাল ৩টায় লাশটি উত্তোলন করে।
মামলার বাদী ও নিহতের মা জানান, ২০১৮ সালের ৭ এপ্রিল উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৯) তার বোনের সঙ্গে আশুলিয়ার বাসা থেকে বের হন। এরপর কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা শ্রীপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নলবুনিয়া গ্রামের উজ্জল, রনি তালুকদার, আসাদ আকন, আবু সায়ীদ পান্নাসহ ১০ জন রড দিয়ে পিটিয়ে ও আছড়িয়ে নির্মমভাবে সাইফুলকে হত্যা করে। এরপর গাড়ির নিচে ফেলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। ময়না তদন্ত ছাড়াই ওইদিন রাতে তার নিজ গ্রাম নলবুনিয়ায় তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ৩১ মে ২০১৮ সালে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গত ২৫ নভেম্বর ২০১৮ সালে ডিএনএ পরীক্ষার জন্য লাশটি উত্তোলনে নির্দেশ দেয় আদালত।
