কুমিল্লায় তৌহিদ (১৫) নামে এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে। অপহরণের পর থেকে তারা ওই স্কুলছাত্রের পরিবারের নিকট পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এ ঘটনায় পুলিশ গতকাল সোমবার মাজহারুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম মবিন নামে দুই অপহরণকারীকে আটকসহ ওই ছাত্রের লাশ একটি বালুর মাঠ থেকে উদ্ধার করেছে।
ছাত্র তৌহিদ জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িসংলগ্ন সালমানপুর গ্রামের আবু মুছার ছেলে এবং কোটবাড়ি কারিগরি প্রশিক্ষণ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। তৌহিদের বাবা আবু মুছা রাঙ্গামাটি জেলায় বন বিভাগে কর্মরত।
