জাতীয় দলের সমস্যা নিয়ে খোলামেলা বললেন জামাল ভূইয়া

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০:১২

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া। মঙ্গলবার (২ নভেম্বর) অনুশীলনও করেছেন তিনি। কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।

শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে ফুটবল খেলতে যাবে বাংলাদেশ। সাফের ব্যর্থতার পর এবার মিশন শ্রীলঙ্কা। আরেক দ্বীপদেশ।

১৭ জন ফুটবলার দলে যোগ দিয়েছেন। বুধবার জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষনা দেওয়া হবে। উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে মূল জাতীয় দলের ৬ জন ফুটবলার রয়েছেন। মঙ্গলবার উজবেকিস্তানে খেলা শেষ হয়ে গেছে। সেখান থেকে শ্রীলঙ্কায় কয়জন যোগ দেবেন সেটাও চূড়ান্ত করা হয়নি। তবে সেটি বুধবার পরিস্কার হয়ে যাবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ হামিদ সবুজ। সবমিলিয়ে কতো জনের স্কোয়াড হবে সেটি বুধবার বিকেলে বেরাইদের ফর্টিস একাডেমির মাঠে অনুশীলনের পর বলা হবে।

জামাল ভূইয়া

৫ নভেম্বর লঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল। সাফে জামাল ভূইয়ারদের বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। আবার সেই দলের বিপক্ষে খেলতে হবে। জামাল ভূইয়া বললেন, ‘শ্রীলঙ্কা অনেক উন্নতি করেছে। তবে দুই দলের তুলনায় বাংলাদেশ এগিয়ে থাকবে।

মাঝমাঠে ঘাটতি আছে বাংলাদেশের। জামাল বললেন, ‘এখানে শুধু মাঝমাঠ বললে তো হবে না। খেলতে নামলে সবাই অংশ। এখানে শুধু মাঝমাঠের দুর্বলতা বলে লাভ নেই।’ জামাল বলেন, ‘আমরা গ্রেট দল না। আমাদের ঘাটতি আছে। আমাদের খেলোয়াড়রা চেষ্টা করছে। হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি।’

সমস্যার কথাগুলো খোলামেলা বললেন জামাল ভূইয়া। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা উঠলে জামাল বলেন, আমরা সেটপিসে গোল করেছি। তপু বর্মন গোল করেছেন পেনাল্টি হতে, ভারতের বিপক্ষে আমি কর্ণার করেছিলাম, সেখান থেকে গোল হয়েছে। নেপালের বিপক্ষে আমার ফ্রিকিকে সুমন গোল করেছে। আমরা ফ্রিকিক সেটপিস হতে গোল পাচ্ছি। ওপেন প্লেতে আমরা গোল করতে পারি নাই। গোল পাচ্ছি না, এটা আমাদের সবচেয়ে বড় ঘাটতি।’

ইত্তেফাক/টিএ