রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন সংসদকে জানিয়েছেন, বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশদ নকশা প্রণয়নসহ সম্ভাব্যতা সমীক্ষায় প্রস্তাবিত ও চূড়ান্তভবে অনুমোদিত এলাইনমেন্ট অনুযায়ী বিনিয়োগ প্রকল্প গ্রহণ করে বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। ২০২৫ সাল নাগাদ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে। গতকাল সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
ফরাজীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী আরও জানান, বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে বিশদ নকশা প্রণয়নসহ সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব ২০১৬ সালের ৯ অক্টোবর পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়। পরামর্শক প্রতিষ্ঠানের সাথে ২০১৮ সালের ১৯ জুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে সমীক্ষা কার্যক্রম চলমান। এ বছরের জানুয়ারি পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৪০ শতাংশ।
চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় এমপি এম,আবদুল লতিফের একটি লিখিত প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন সংসদকে জানান, বাংলাদেশ রেলওয়েতে চীন থেকে আমদানিকৃত ২০ সেট ডেমু ট্রেনের মধ্যে বর্তমানে ঢাকা বিভাগে ১০ সেট, চট্টগ্রাম বিভাগে ৮ সেট এবং লালমনিরহাট বিভাগে ২ সেট ডেমু ট্রেন চলাচল করছে। ডেমুর জন্য কোনো আলাদা ওয়ার্কসপ না থাকায় আমদানির পর অদ্যাবধি ডেমুসমূহের কোনো ভারী মেরামত করা সম্ভব হয়নি। এ কারণে কিছু ডেমু ট্রেন মেরামতাধীন হয়ে পড়েছে।
