সশস্ত্র সংঘাতের ফলে সারাবিশ্বে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কমপক্ষে পাঁচ লাখ শিশু মারা গেছে বলে সেভ দ্য চিলড্রেনের এক গবেষণায় বলা হয়েছে। গড়ে এই সংখ্যা প্রতিবছরে এক লাখ দাঁড়ায়। ১৫ ফেব্রুয়ারি থেকে জার্মানের মিউনিখে শুরু হওয়া ‘মিউনিখ সিকিউরিটি কনফারেন্স’-এ প্রকাশিত ‘স্টপ ওয়ার অন চাইল্ড’ রিপোর্টে এ পরিসংখ্যান উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়, বর্তমানে পাঁচজনের মধ্যে একজন অর্থাত্ গত ২০ বছরের মধ্যে সর্বাধিক শিশু সংঘাতপূর্ণ এলাকায় বাস করে। আফগানিস্তান, ইয়েমেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো (ডিয়ারসি), সিরিয়া, ইরাক, মালি, নাইজেরিয়া ও সোমালিয়া ২০১৭ সালে সংঘর্ষের ফলে বেশি ক্ষতিগ্রস্ত ছিল। সংস্থাটির সিইও হেলে থর্নিং স্মিথ বলেন, এই সময়ে যুদ্ধগুলো শিশুদের জন্য বেশি ভীতিকর ছিল। শিশু হত্যা এবং লাঞ্ছিত হওয়ার সংখ্যাও তিনগুণ বেশি। আমরা ‘যুদ্ধাবস্থায় শিশু ও অসামরিক কাউকে লক্ষ্যবস্তু করা যাবে না’ এই নীতি থেকে দূরে সরে যাচ্ছি। গবেষণায় দেখা যায় প্রতিদিন সশস্ত্র দলগুলো এবং সামরিক বাহিনী আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করছে। রিপোর্টটিতে কিভাবে স্কুল সুরক্ষিত রাখা, নির্দিষ্ট কিছু অস্ত্রের বাইরে অন্যকিছু ব্যবহার না করা, শিশুদের ওপর অত্যাচারের ক্ষেত্রে জবাবদিহিতা তৈরি করা এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করা হয়।
