সদ্য মা হওয়ার অনুভূতি মুখে প্রকাশ করার মতো নয় বলেই সারাক্ষণ স্মিত হাসি লেগে থাকে মায়ের মুখে। সারা ঘরজুড়ে নবজাতককে নিয়ে আনন্দের হই হুল্লোড় লেগেই থাকে। এমন সময়ে স্বভাবতই নতুন অতিথিকে কি করে যত্ন আত্তি করা যায় তা নিয়েই সকলে ব্যস্ত থাকে। কিন্তু মায়ের দিকেও এবার নজর ফেরানো প্রয়োজন। গর্ভাবস্থায় অবশ্যই তাকে নানা ধকল পার করতে হয়েছে। এখন সকল সমস্যার সমাধান তা বলা যাচ্ছেনা। সদ্য মা হওয়া নারীর যত্ন কিভাবে নিবেন তবে? আসুন জেনে নেয়া যাক:
প্রথমেই স্বাভাবিক ছন্দে ফিরে আসার প্রয়াস
- নতুন মা যেন প্রতিদিন ৮-১০ ঘণ্টার মতো বিশ্রাম করতে পারে তা লক্ষ্য রাখা জরুরী। এই সময়ে শরীর অবসন্ন থাকে। তাই ঠিকঠাক বিশ্রাম না পেলে স্বাস্থ্য ভেঙে পড়তে পারে।
- স্বাভাবিকভাবে চলাফেরা করার অভ্যাস ফিরিয়ে আনাতে হবে। তবে ডাক্তারের সাথে আগে পরামর্শ করে নিতে হবে। পরামর্শ অনুযায়ী আস্তে আস্তে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসতে হবে।
- নিজের দৈনন্দিন চলাফেরার নিয়মে ফিরতে পারলে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই সুস্থ থাকতে পারবেন নতুন মায়েরা।
পর্যাপ্ত ঘুম জরুরী
- সন্তান জন্মদানের পরবর্তী ছয় থেকে আট সপ্তাহ যেকোনো মায়ের জন্য গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে।
- বিশেষত দুপুরের দিকে অন্তত এক দেড় ঘণ্টা হালকা ঘুম দেয়া ভালো। ঘুম শেষে উপুড় হয়ে কিছুক্ষণ শুয়ে থাকার অভ্যাস করাও ভালো। এতে জরায়ুর অবস্থান স্বাভাবিক হতে শুরু করবে।
ডায়েট নির্ধারণ করুন
প্রসবের পর একজন মায়ের স্বাভাবিক সময়ের চেয়ে ৫০০ ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। খাদ্যতালিকায় ফলমূল, সবজি বাড়াতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন ঔষধ খাওয়ানো যেতে পারে।
ব্যায়াম করতে পারলে ভালো
প্রসবের পর নতুন মাকে অনেক সময় বিভিন্ন টিকা নিতে হয়। আর দীর্ঘদিন সতর্কভাবে চলাফেরার কারণে শরীর আড়ষ্ট হয়ে থাকাটাই স্বাভাবিক। এমন সময় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন।
