ডাকসু নির্বাচন

আজ মনোনয়নপত্র বিতরণ শুরু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৯

আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিকতা। আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইতোমধ্যে কয়েকটি ছাত্রসংগঠন তাদের প্যানেল চূড়ান্ত করেছে। বাকিরাও দুয়েকদিনের মধ্যে প্যানেল ঘোষণা করতে কাজ করে যাচ্ছে। তবে ছাত্রদল বলছে তাদের দাবি না মানলে তারা মনোনয়নপত্র তুলবে না। তাই ছাত্রদলের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।

ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার শুরুতে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত, ভোটকেন্দ্র হলের বাইরে রাখাসহ কয়েকটি দাবি জানিয়ে আসছে ছাত্রদল? প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সসীমা বাতিলের দাবিও জানায় তারা। দাবি বাস্তবায়ন করা না হলে মনোনয়নপত্র নেবে না বলে জানিয়েছে ছাত্রদল। গতকাল মধুর ক্যানটিনে সাংবাদিকদের ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান এসব কথা বলেন। এ সময় ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী উপস্থিত ছিলেন।

৬ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও

ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ভোটকেন্দ্র হলের বাইরে নিয়ে আসাসহ ৬ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বাম সংগঠনগুলো। গতকাল সকালে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। বাম সংগঠনগুলোর দু’টি মোর্চা, প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য এ কর্মসূচি পালন করছে। এ সময় প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর বক্তব্য দেন। এ সময় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দি প্রমুখ। তাদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রদলসহ পাহাড়ি সংগঠনগুলো।

স্বতন্ত্র জোটের আত্মপ্রকাশ

ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে একটি ‘স্বতন্ত্র জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল টিএসসি ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট আত্মপ্রকাশ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন— ঢাবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অরণি সেমন্তি খান। অরণি বলেন, স্বতন্ত্র জোট একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন করবে।

প্যানেল ঘোষণা করেছে জাসদ ছাত্রলীগ

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাসদ ছাত্রলীগ। গতকাল মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাসদ ছাত্রলীগের সভাপতি শাহজাহান আলী সাজু। প্যানেলের প্রার্থীরা হলেন, মাহফুজুর রহমান রাহাত (ভিপি), শাহরিয়ার রহমান বিজয় (জিএস), নাঈম হাসান (এজিএস), শিরিন আক্তার (স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), তন্ময় কুমার কুন্ড (বিজ্ঞান বিষয়ক সম্পাদক), ফজলে এলাহী জিসান (কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক), ইয়াসিন আরাফাত রাহী (আন্তর্জাতিক সম্পাদক), আদনান হোসেন অনিক (সাহিত্য সম্পাদক), সাইফুল ইসলাম রোমান (সংস্কৃতি সম্পাদক), মাহবুবুর রহমান হাবিব (ক্রীড়া সম্পাদক), এহসানুল হক হিমেল (ছাত্র পরিবহন সম্পাদক), আল আমিন শিকদার (সমাজসেবা সম্পাদক)। সদস্য পদে- সাদিকুর রহমান সাগর, মশিউর রহমান জারিফ, সংগ্রামী মোহন উচ্ছাস, আশরাফুল আলম ফাহিম, মো. নাবিদ নেওয়াজ, মাশফিক আরেফিন, রিফাত বিন মুত্তাসিম আহমেদ, তৌফিক আহমেদ, শাকিব ওয়ালিদ তৌহিদ, রাহাত আরা রুমি, মেহেদি হাসান, এস এম সামিউল বাশার সিদ্দিকী পার্থ এবং আরাফাত আহমেদ নাইম।