কুড়িগ্রামের উলিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুভাষ চন্দ্র দে (৫৭) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উলিপুর কুড়িগ্রাম সড়কের মালতিবাড়ী নামক স্থানে।
জানা গেছে, ওই ব্যবসায়ী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে মালতিবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র থ্রি হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিচ্ছিলেন। পথে বিকালে তার মৃত্যু হয়। তিনি উলিপুর পৌরসভার জোদ্দারপাড়া গ্রামের মৃত মহেন্দ্র চন্দ্র দের পুত্র এবং উলিপুর বাজারস্থ দ্বীপ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ছিলেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মাহিন্দ্র ও তার চালককে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
