৮০ কোটি টাকা বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিকদের অবস্থান কর্মসূচি দশম দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তারা মিছিল বের করেন। মিছিলটিকে হাইকোর্টের সামনে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করে শ্রমিকরা এবং একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
সমাবেশে বক্তারা বলেন, ৪ হাজার ২৪৩ জন শ্রমিক-কর্মচারী যথাক্রমে ছয় মাস ও নয় মাসের বেতন পাবেন। এরসঙ্গে রয়েছে দুইটি ঈদ বোনাসও। শ্রম মন্ত্রণালয় ও মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হওয়ার পরও পাওনা টাকা না পাওয়া তারা বাধ্য হয়ে গত ২৬ অক্টোবর থেকে শ্রম ভবনে অবস্থান নিয়েছেন। যত দ্রুত সম্ভব তাদের টাকা পরিশোধ করতে হবে।
এর আগে, শ্রমিকদের নেতা নজরুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে বলেছিলেন, ‘বকেয়া বেতন আদায়ের জন্য প্রথমে আমরা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর কাছে যাই। তখন মালিক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি। পরে শ্রম প্রতিমন্ত্রীর কার্যালয়ে ২৫ কর্মদিবসের মধ্যে স্টাফদের দুই মাসের বকেয়া বেতন, একটি বোনাস ও শ্রমিকদের একমাসের বেতন ও বোনাস দেওয়ার কথা হয়েছিল। বাকিটা প্রতিমাসের বেতনের সঙ্গে দেবে এমনও বলা হয়েছিল। কিন্তু সময় কেটে গেলেও এই টাকা দেওয়া হয়নি। এরপর গত ২৬ অক্টোবর আমরা বাধ্য হয়ে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় না করে আমরা ফিরবো না।’

স্টাইল ক্রাফটের শ্রমিকরা কবে পাবেন বকেয়া বেতন
‘একবেলা খাইতে পারলে আরেক বেলা খাবার জোটে না’