রামগতিতে ২০ মন জাটকা জব্দ

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৪:৫৪

লক্ষ্মীপুরের রামগতিতে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (৫ নভেম্বর) রাতে উপজেলার চর আলেকজান্ডারের আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ৭ জন মাছ ব্যবসায়ীকেও আটক করে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড রামগতি স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মহসিন আলী।

আটকৃতরা হচ্ছেন, উপজেলার আসলপাড়া এলাকার মো. গিয়াস উদ্দিন, মো. হান্নান, অলিউর রহমান, মো. রায়হান, মোসলেহ উদ্দিন, সবুজগ্রাম এলাকার আবদুজজাহের এবং মো. খলিল।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. শান্তুনু চৌধুরী'র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় আটককৃত ৭ জন ব্যবসায়ীকে জাটকা ইলিশ বিক্রয় ও পরিবহনের অপরাধে ৫ হাজার করে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খাঁন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ও কোস্টগার্ড রামগতি স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মহসিন আলী।

ইত্তেফাক/ ইআ