দুই বাসের মাঝে পড়ে প্রাণ গেলো স্কুলশিক্ষকের

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০:৩৬

রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টার এলাকায় দুটি বাসের মাঝে চাপা পড়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল মালেক (৫২)। তিনি ডেমরার হাজি লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। এ ঘটনায় পুলিশ একটি বাস জব্দ ও বাসচালককে আটক করেছে।

সোমবার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহত অবস্থায় তাকে রামপুরার ফারাজী হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসস্ট্যান্ডে একটির পেছনে আরেকটি বাস দাঁড়িয়ে ছিল। সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে ওষুধ কিনে এক সাবেক ছাত্রের দোকানে রেখে যান। ক্লাস শেষে দুপুরে ওষুধ আনতে ঐ দোকানে যান। ওষুধ নিয়ে তিনি বাস দুটির মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে পার হচ্ছিলেন। এ সময় সামনে থাকা অসীম পরিবহনের বাসটি পেছনের দিকে সরিয়ে নিতে গেলে আবদুল মালেক দুই বাসের মাঝে চাপা পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। তাকে রামপুরা ফারাজী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার এসআই শাহজাহান বলেন, এ ঘটনায় সামনের বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবদুল মালেক পরিবার নিয়ে ডেমরার সারুলিয়া এলাকায় বসবাস করতেন।

ইত্তেফাক/এমআর