বেড়ে ওঠার গল্প
ছোটবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখেছি। ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইয়ের একটা লাইন আমাকে খুব আলোড়িত করেছিল, ‘দরিদ্র ও মধ্যবিত্তরা অর্থের জন্য কাজ করে। আর ধনীরা অর্থকে নিজের জন্য কাজ করায়।’ এরপরই আমি উদ্যোক্তা হওয়ার জন্য মাঠে নেমে পড়ি। ছোট ছোট বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ নিতে থাকি। এসব উদ্যোগের অনেকগুলোই ব্যর্থ হয়। সবশেষ ২০০৪ সালে কলেজ লাইফের বন্ধুদের নিয়ে গড়ে তুলি প্রিয়স্বপ্ন নামে একটি সমবায় উদ্যোগ, যেটি এখন প্রিয়স্বপ্ন গ্রুপ নামে পরিচিত। প্রিয়স্বপ্ন গ্রুপ এখন আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ খাদ্যপণ্য উত্পাদন—এরকম নানামুখী প্রকল্প নিয়ে কাজ করছে।
রিস্টার্ট ইয়োর লাইফ
এবারের বইমেলায় আমার প্রথম বই ‘রিস্টার্ট ইয়োর লাইফ’ বের হচ্ছে। বইটির একটি বিশেষ দিক হলো, এটি বাংলাদেশের সর্বপ্রথম হাতে লিখে প্রকাশিত সেলফ হেল্প বই। আমি চেয়েছি, আমার বইয়ের অক্ষরগুলো যাতে আমার পাঠকদের সঙ্গে কথা বলে। এজন্যই কি-বোর্ডের টাইপিং নয়, হাতে লেখা অক্ষরে সাজিয়েছি আমার গবেষণালব্ধ সেলফ ডেভেলপমেন্টের এই বইটি। এতে ১৪টি অধ্যায় আছে। বইয়ের ১৩তম অধ্যায়ে আমি একটি চিঠি সংযোজন করেছি। চিঠিটি ২৬ বছর বয়সী এক তরুণীর লেখা। যিনি ক্যান্সারের কারণে মারা যান। মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগে পৃথিবীবাসীর কাছে সে চিঠি লিখে গিয়েছিলেন। আমি সেই চিঠিটি তুলে ধরেছি। আমি বিশ্বাস করি, এটা আমাদের জীবন পরিবর্তনে অত্যন্ত সহায়ক হবে। এছাড়া স্মার্ট ফোনের নেশা থেকে বাঁচার উপায়, দুশ্চিন্তা, মানসিক চাপ থেকে মুক্তির উপায়, বাধা মোকাবিলার কৌশল—এরকম অজস্র ছোট-বড় টিপস ও ট্রিক্স রয়েছে এই বইটিতে।
প্রিয়বাজার.শপ-এর বর্তমান কার্যক্রমগুলো
প্রিয় বাজার.শপ ক্রেতা বা ভোক্তাবান্ধব একটি প্রতিষ্ঠান। ক্রেতা এখানে প্রচলিত ধারার চেয়ে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। অনেক ক্ষেত্রে ক্রেতার সঙ্গে আমরা লাভের অংশ শেয়ার করি। প্রিয়বাজারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তিনশ’র অধিক তরুণ উদ্যোক্তা, যারা প্রিয়বাজারের মাধ্যমে আজ নিজেরা প্রতিষ্ঠিত হয়ে পরিবারে ভূমিকা রাখছে। আমরা শুরু থেকেই একটু ভিন্ন পথে হেঁটেছি। শহরে নয়, আমরা ফোকাস করেছি রুরাল ই-কমার্সে। বর্তমানে আমাদের প্রায় ১৪ হাজার ৫০০ জন নিবন্ধিত ক্রেতা, ২০০ জনের বেশি পার্টনার ব্যবসায়ী ও ২০টির বেশি জেলাতে কার্যক্রম রয়েছে।
কোচ কাঞ্চন ইনস্টিটিউটের ভবিষ্যত্ পরিকল্পনা
কোচ কাঞ্চন ইনস্টিটিউট নিয়ে আমার স্বপ্ন অনেক। পৃথিবী এখন নলেজ বেইজড ইকোনমির দিকে এগিয়ে যাচ্ছে। শুধু একাডেমিক পড়াশোনা দিয়ে পরিবর্তিত পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে। কোচ কাঞ্চন ইনস্টিটিউটের মিশন হচ্ছে বর্তমান প্রজন্মের যুব সমাজকে তাদের পরিচিত গণ্ডী থেকে বের করে এমন একটি শক্তিশালী, দক্ষ ও স্বশিক্ষিত ভবিষ্যত্ প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করা যেন সে কারও ওপর নির্ভরশীল না থাকে। এটিকে বিশ্বের অন্যতম সেরা নলেজ শেয়ারিং প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সারা পৃথিবীর সব সফল মানুষ নিজেদের অনুপ্রেরণার গল্প শেয়ার করবে।
সফলতার মূলমন্ত্র
আমার সফলতার মূলমন্ত্র হলো—হাল ছেড়ে না দেওয়া। আমি বিশ্বাস করি, প্রতিটি সমস্যার মধ্যে একটি সম্ভাবনা থাকে। বর্তমান তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা তাদের মধ্যে ধৈর্যের অভাব। খুব দ্রুত তারা হতাশ হয়ে যায়। তাদের ধৈর্য ধরা শিখতে হবে। একাডেমিক পড়াশোনার বাইরে বাস্তব জীবন সম্বন্ধে জ্ঞান নিতে হবে।
