গাইবান্ধায় ১৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৯:৫২

দ্বিতীয়ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১২০টি কেন্দ্রে ব্যালট ও একটি ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এই ১৩টি ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে মোট প্রার্থী ৯০৮ জন। ভোট প্রয়োগ করবেন ৩ লাখ ৪ হাজার ১৪৬ ভোটার।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভোটগ্রহণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী মাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি, আনসার সদস্য, র‌্যাবের টিম নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান, গতকাল বুধবার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাক্স এবং লক্ষ্মীপুর ইউনিয়নে ইভিএম মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পাঠানো হয়।

ইত্তেফাক/এমআর