জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলের উপর ১০০ মার্কসের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এসএসসির ফলের উপর ১০ মার্কস ও এইচএসসির ফলের উপর ১০ মার্কস নির্ধারিত থাকবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ১০০ মার্কস নির্ধারণ করা হলে বিরূপ মন্তব্য দেখা যায়। এ বিষয়ে উপাচার্যসহ ডিনদেন নিয়ে জরুরি বৈঠকে ১০০ মার্কসের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীবান্ধব। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমাদের এই সিদ্ধান্ত। ভর্তি পরীক্ষায় যারা ভালো করেছে তাদের প্রাধান্য দেওয়ার জন্য আমরা জিপিএ মার্কস কমিয়ে ২০ নির্ধারণ করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের উপর গুরুত্ব দিবো। যে কারণে এসএসসি ও এইচএসসির ১০০ মার্কসের পরিবর্তে ২০ নির্ধারণ করা হয়েছে।

দামুড়হুদায় ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগে আটক ২