স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নবান্ন উত্সবের মতো দেশে ভোটের উত্সব শুরু হয়ে গেছে। দেশের মানুষ বিপুল উত্সাহ উদ্দীপনা নিয়ে এখন নির্বাচনমুখী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে নির্বাচনে সব দল আসায় দেশে ভোটের উত্সবের পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করেছে, বিদ্যুত্ সংকটের সমাধান করেছে, জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে, পদ্মা সেতু নির্মাণ শুরু করাসহ যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, গ্রামে গ্রামে তথ্য প্রযুক্তি সেবা সহজলভ্য করেছে বলে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল রবিবার রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিত্সধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরে মন্ত্রী হাসপাতালের সভাকক্ষে চিকিত্সকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, সরকার জনগণের স্বাস্থ্যমান পৌঁছে দিতে রাজধানীসহ সারাদেশে নতুন নতুন হাসপাতাল নির্মাণ করে অত্যাধুনিক চিকিত্সা সেবা নিশ্চিত করেছে। রাজধানীর বিভিন্ন প্রান্তে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ হিসাবে মুগদায় পাঁচশত শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করেছে যাতে শহরের উপকণ্ঠের জনগণ দ্রুত চিকিত্সা নিতে পারে। তিনি চিকিত্সদেরকে আন্তরিকতার সঙ্গে রোগীদের পাশে থেকে চিকিত্সা নিশ্চিত করতে এসময় আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, কলেজের অধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আমিন আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
