শরণখোলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টা মামলায় আনসার আলী আকন নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাতে শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
এজাহারে বলা হয়েছে, শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রহমান হাওলাদারের বাড়ির পেছনে শিশুটিকে একা পেয়ে দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুস সাত্তার আকনের ছেলে আনসার আলী আকন (৬০) ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার দিলে লোকজন এগিয়ে এলে আনসার আলী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে আনসার আলীকে গ্রেফতার করে পুলিশ।
ওসি জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড করা হয়। গ্রেফতার আসামিকে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এই আসামির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।
