ইত্তেফাক রিপোর্ট
স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পখাতের উদ্যোক্তারা আসছে বাজেটে এ খাতের জন্য বিদ্যমান ৩৫ শতাংশ কর্পোরেট কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ-এর নেতারা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে সাক্ষাত্ করে এ দাবি জানান। তারা বলেন, কর্পোরেট কর তুলে দিলে দ্রুত এ খাতের বিকাশ ঘটবে। এর ফলে সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের অংশগ্রহণ বাড়বে। অবশ্য চলতি অর্থবছর এ খাতের জন্য ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর (এআইটি) তুলে দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, পরিচালক আরজু রহমান ভূঁইয়া, আফসার উদ্দিন আহমেদ, এ কে এম আমিনুল মান্নান খোকন, সৈয়দ মো. বখতিয়ার, জিয়াউল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে এ খাতের বিভিন্ন সমস্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন উদ্যোক্তারা। এ সময় বলা হয়, সমুদ্রপথে পণ্য আমদানির ক্ষেত্রে যৌক্তিক ভাড়া নির্ধারণ, কন্টেইনারের ওপর অতিরিক্ত সারচার্জসহ শিপিং এজেন্টদের বিভিন্ন ধরনের বাড়তি চার্জ আরোপ সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি এবং পচনশীল পণ্য দ্রুত জাহাজীকরণে এ সংগঠনের ভূমিকার বিষয়টি তুলে ধরেন নেতারা।
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এ শিল্পকে অগ্রাধিকার শিল্পখাতের তালিকাভুক্ত করা হয়েছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চরনিশানবাড়িয়া ও মধুপাড়া মৌজা এবং বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটনিশানবাড়িয়ায় পরিবেশবান্ধব শিপ বিল্ডিং ও রিসাইক্লিং এলাকা গড়ে তোলা হচ্ছে। তিনি এ শিল্পে বিদ্যমান কর্পোরেট কর তুলে দেওয়ার বিষয়ে একটি বাস্তবসম্মত প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে প্রেরণের পরামর্শ দেন।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা শিল্প হিসেবে ঘোষিত চলচ্চিত্রের অনুকূলে প্রয়োজনীয় সুবিধা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ দেন। তারা দেশীয় চলচ্চিত্রের সুরক্ষায় সিনেপ্লেক্স, মিনিপ্লেক্স ও উপজেলা শহরে অবস্থিত সিনেমা হলগুলোতে সুযোগ-সুবিধা বাড়াতে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।
