ইউপি নির্বাচনে তৃতীয় লিঙ্গের সাহিদার বাজিমাত

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯:৫৭

‘অনেক কষ্ট, তবু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সব সময় গরিব, দুঃখী ও বঞ্চিত মানুষের পাশে থেকেছি। নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি তার মূল্যায়ন পেয়েছি। জনগণের অধিকার আদায়ে কাজ করেছি, তারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে।’

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়ে তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি (৪৩) এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি মাগুরাঘোনা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন।

শাহিদা বিবি বলেন, আমার স্বামী-সন্তান-পরিবার নেই, জনগণই আমার সব। তাদের জন্য কিছু করতে চাই। মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান দিতে চাই। এ জন্য সবার সহযোগিতাও চান শাহিদা।

শাহিদা মাইক প্রতীক নিয়ে ২ হাজার ৭৪০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম লাইলা বেগম পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট।

শাহিদা বলেন, খুলনা জেলায় ইউপি নির্বাচনে এখন পর্যন্ত আমিই (তৃতীয় লিঙ্গের) প্রথম বিজয়ী হয়েছি। আমাদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর সব সময়ই গরিব, দুঃখী ও বঞ্চিত মানুষের পাশে থাকব। ভবিষ্যতে আমি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি প্রার্থিতা নিয়ে আসব। তিনি আমাকে প্রার্থী করবেন, সেই আশায় রয়েছি।

ইত্তেফাক/ইউবি