এটিএন বাংলা এবং 'ডিবেট ফর ডেমোক্রেসি' কর্তৃক আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্টে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি (কুবি) ডিবেটিং সোসাইটি। শনিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
'গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে' বিষয়ে বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে এ বিজয় লাভ করে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্যরা।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মো.শফিকুল ইসলাম (পিপিএম বার)। বিতর্ক শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে সঠিক মূল্যবোধের শিক্ষা প্রয়োজন। কুমিল্লার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।
বিজয়ে উচ্ছ্বসিত হয়ে কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি ও বিজয়ী দলের দলীয় নেতা দীপ্তব্রত দাস বলেন, এটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বিতর্ক ছিলো। আমরা এতে বিজয়ী হয়েছি। ভবিষ্যতেও ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ের এই ধারাবাহিকতা বজায় রাখবে।
বিজয়ী দলের অন্যান্য সদস্যরা হলেন, সাদিয়া আফরিন দীপা, আল নাঈম, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুর রহমান।
