ভারতে মহড়াকালে দুই জঙ্গি বিমান বিধ্বস্ত পাইলটের প্রাণহানি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮

এনডিটিভি

ভারতের বেঙ্গালুরুতে বিমানবাহিনীর অ্যারোবেটিক টিমের দুই জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। মধ্যাকাশে সংঘর্ষের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে দুই বিমানের তিন পাইলটের মধ্যে একজন নিহত হয়েছে। অপর দুই পাইলট নিরাপদে বের হতে পারলেও তারা আহত হয়েছেন।

মহড়া চলাকালে সংঘর্ষের পর বিমান দুটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে। স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। বেঙ্গালুরুর উত্তরাংশের ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে ওই মহড়া চলছিল। বুধবার অ্যারো ইন্ডিয়া শো শুরু হওয়ার কথা রয়েছে। ওই শো উপলক্ষেই বিমান বাহিনীর সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের মহড়া চলছিল। 

আর এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। গণমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা গেছে, জটিল শৈলি প্রদর্শনকালে সংঘর্ষের পর দুটি হক জঙ্গি বিমান নিচে পড়ে যাচ্ছে।

অন্য একটি ভিডিওতে দূর থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। বিমান দুটি বিমান ঘাঁটির ভিতরে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।