আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের ১৯ নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (১৩ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এক জরুরী সভায় তাদের বহিষ্কার করা হয়।
রবিবার (১৪ নভেম্বর) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস।
বহিষ্কৃত নেতারা হলেন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ. আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের সদস্য মো. গোলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল, রাজু আহমেদ সাজু, মো. রফিকুল ইসলাম, রাসেল মিয়া, রতন মিয়া, মোজাম্মেল আলম খান ও শান্তু মিয়া, মো. শফিকুল ইসলা, মৃদুল রায় তালুকদার, মো. চাঁন মিয়া দেওয়ানী, ডা. রইছ উদ্দিন, আজিজুর রহমান, আফতাব উদ্দিন, হাসান আল মামুন, মীর আইয়ুব নবী, আব্দুর রাজ্জাক ও সুরুজ মিয়া।
