চন্দনাইশে বরুমতি খালের ব্রিজ ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৯

 

দুর্ঘটনার আশঙ্কা

 চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চূড়ামনি সড়কে বরুমতি খালের উপর নির্মিত ব্রিজটি বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফলে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, চন্দনাইশ সদর হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়ে সড়কটি পশ্চিম দিকে জোয়ারা, পাঠানদণ্ডী, কানাইমাদারী, বরকল হয়ে আনোয়ারা-বরকল সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। ৭ কিমি দীর্ঘ চূড়ামনি সড়কটি অধিকাংশ স্থানে সংস্কার না করায় ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। ভেঙে যাচ্ছে সড়কের বিভিন্ন ব্রিজ-কালভার্টও। এতে করে ওইসব এলাকার কয়েক হাজার পরিবারের মানুষ চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ উপজেলা সদর থানা, হাসপাতাল, হাট-বাজারসহ চট্টগ্রাম শহরে সহজে যাতায়াতের জন্য সড়কটি সংস্কার জরুরি।

চূড়ামনি সড়কটি বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হলেও বর্তমানে বরুমতি খালে সড়কটির ব্রিজ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়াও রাতে ব্রিজের ভাঙা অংশে পড়ে গিয়ে যানবাহনসহ যাত্রীদের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে চন্দনাইশ উপজেলার এলজিইডি প্রকৌশলী বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সড়কটি শিগগির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।