আর্মি গলফ ক্লাবে চার দিন ব্যাপী ‘পঞ্চম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গলফ গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনিবার (১৩ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, , টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ–নুর, প্রধান নির্বাহী অফিসার কর্নেল এস এম শওকত আলী (অব.), গলফ ক্লাবের সদস্য সচিব লে. কর্নেল মো. গোলাম মন্জুর সিদ্দিকী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো– সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭২০ জন খেলোয়াড় অংশ গ্রহন করেন। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও রয়েছে।
এ টুর্নামেন্টে মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনার হয়েছেন মো. নজরুল ইসলাম, সিনিয়র উইনার হয়েছেন মো. গিয়াস উদ্দিন, লেডি উইনার হয়েছেন মিসেস ফাতেমা মতিউর এবং জুনিয়র উইনার হয়েছেন মাস্টার শেখ সামির হোসেন।
