বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে রাজপুণ্যাহ উত্সব শুরু হবে আগামী ৮ মার্চ। বোমাং সার্কেলের প্রজাদের কাছ থেকে জুমের বাত্সরিক খাজনা আদায়ের জন্য এবারও রাজপুণ্যাহ (পইংজ্রা) উত্সবের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বান্দরবান বোমাং সার্কেল চিফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উত্সবের ঘোষণা দেন বোমাং সার্কেলের ১৭তম রাজা প্রকৌশলী উচপ্রু চৌধুরী।
এ সময় বোমাং সার্কেলের চিফ রাজা উচপ্রু চৌধুরী বলেন, তিন দিনব্যাপী জুমের বাত্সরিক খাজনা আদায়ের অনুষ্ঠান ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উত্সব ৮ মার্চ থেকে শুরু হবে। উত্সবের প্রথমদিন বান্দরবান জেলার সাতটি উপজেলার ৯৫টি মৌজা এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাই ও রাজস্থলী দুটি উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১০৯টি মৌজার হেডম্যান, আট শতাধিকেরও বেশি কারবারী, রোয়াজারা রাজাকে কুর্নিশ করে জুমের বাত্সরিক খাজনা ও উপঢৌকন রাজার হাতে তুলে দিবেন। ১৮৭৫ সালে ৫ম তম বোমাং রাজা সাক হ্ন ঞো’র আমল থেকে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে প্রতিবছর ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উত্সব হয়ে আসছে।
