বিনোদন রিপোর্ট
একাধিক গানের ব্যবহার চলচ্চিত্রেই বেশি দেখা যায়। একক নাটকে ৩টি গানের ব্যবহার খুব কমই দেখা যায়। সম্প্রতি ভাষা ও মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ নাটকে এমনটি হয়েছে। নাটকটির নাম ‘বর্ণমালার মিছিল’। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সীমান্ত সজল।
নাটকটি মাছরাঙা টেলিভিশনে আগামীকাল রাত ৯টায় প্রচার হবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান, মৌটুসি বিশ্বাস, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদসহ মঞ্চের আরো ২০ জন থিয়েটার কর্মী। নাটকটির নির্বাহী প্রযোজক জাফর আলী। নাটকটির টাইটেল, এডিট ও ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন মো. নূরউদ্দিন। এছাড়া গল্পের প্রয়োজনে নাটকটিতে ৩টি গানের ব্যবহার করা হয়েছে। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন ইবনে রাজন।
বর্ণমালার মিছিল নাটকের গল্প ভাবনায় রয়েছে ভিন্নতা। ব্যতিক্রমধর্মী চিন্তা-চেতনা ও মননশীলতার ছাপ পাওয়া যাবে নাটকজুড়ে। সৃজনশীল কাজের মধ্যে দিয়ে ভিন্ন আঙ্গিকে এ নাটকের গল্প বর্ণনা করা হয়েছে। গল্প বুননে দেখা যাবে নির্মাতার মুন্সিয়ানা। মাতৃভাষা বা মায়ের ভাষা বাংলা লিখতে গেলে বানান ভুল হলে অদৃশ্যভাবে মা কান্না করছে, তাহলে মায়ের এ কান্না সন্তানরা কিভাবে থামাবে? ভুল বানান যখন শুদ্ধ করে লিখবে তখনই সন্তানরা মায়ের এ কান্না থামাতে পারবে।
