শীতে যেভাবে নেবেন দাড়ির যত্ন

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০৪:১৯

পুরুষের চেহারায় আলাদা আভিজাত্যের ছাপ এনে দেয় দাড়ি। এখনকার বেশিরভাগ ফ্যাশন সচেতন তরুণই দাড়ি রাখেন। কিন্তু দাড়ি রাখছি বললেই তো হল না, তার যত্নও দরকার। না হলে দাড়ির গোড়ায় ময়লা জমে নানা ধরনের সংক্রমণ হতে পারে। শীতের সময় চুলে যেমন আর্দ্রতা দেখা দেয়, তেমনি রুক্ষতা ভর করে দাড়িতেও। তাই শীতে ত্বক, চুলের পাশাপাশি দাড়ির আলাদা যত্ন নেওয়া আবশ্যক। 

• নিয়মিত পরিষ্কার করা: মাথায় যদি নিয়মিত শ্যাম্পু করেন, তা হলে দাড়িতে নয় কেন? অনেকেরই দাড়ি রীতিমতো ঘন হয়। তার ভিতর ময়লা জমে। ফলে দাড়ির গোড়ায় নানা ধরনের সংক্রমণ হতে পারে। তা থেকে ক্ষতি হতে পারে ত্বকের। তাই নিয়মিত দাড়ির যত্ন নিতে শ্যাম্পু করা উচিত। কোন জাতীয় শ্যাম্পু আপনার ত্বকের জন্য ভাল, সেটিও মাথায় রাখতে হবে।

• গরম পানিতে মুখ ধুবেন না: শীতে অনেকেই গরম পানিতে মুখ ধুয়ে থাকেন। এমন অভ্যাস থাকলে বাদ দিন। এ সময় গরম পানিতে মুখ ধোয়ার কারণে দাড়ির ক্ষতি হয়। এতে দাড়ির রুক্ষতা বেড়ে যায়। অনেক সময় চুলকানিও দেখা দিতে পারে। তাই মুখ ধোয়ার ক্ষেত্রে সব সময় ঠাণ্ডা পানি ব্যবহার করুন।

• তেল ব্যবহার করুন: দাড়িতে ব্যবহার করার জন্য নানা ধরনের তেল পাওয়া যায়। এটি দাড়ির ঘনত্ব ঠিক রাখে। তা ছাড়া দাড়িকে শুষ্ক হয়ে যেতে দেয় না। যদি আপনার ঘাম বেশি হয়, তা হলে সপ্তাহে এক বা দু’দিন এই তেল ব্যবহার করুন। আর ঘাম কম হলে রোজই ব্যবহার করতে পারেন। যদি দেখেন, দাড়ি চটচটে হয়ে যাচ্ছে, তা হলে এর ব্যবহার কমিয়ে দেবেন। কিন্তু বন্ধ করবেন না।

• দাড়ির জন্য আলাদা ক্রিম: দাড়ির জন্য বিশেষ ক্রিম পাওয়া যায় বাজারে। এই শীতে সেগুলো ব্যবহার করুন। গোসলের পর দাড়িতে বেয়ার্ড ক্রিম লাগিয়ে নিন। এতে দাড়ি নরম ও উজ্জ্বল থাকবে।

• ছেঁটে ফেলুন: গালের সব জায়গায় সমান হারে দাড়ি বাড়ে না। কোনও কোনও দাড়ি এ দিক ও দিক থেকে মাথা তোলে। এমন হলে সেগুলি ছেঁটে ফেলুন। কাঁচি বা ট্রিমার ব্যবহার করতে পারেন।

• পাকা দাড়ি তুলবেন না: বয়স বাড়লে দাড়িও পাকবে। একটি-দু’টি দাড়ি সাদা হয়ে যাবে। অনেকেই সেগুলি টান মেরে তুলে ফেলেন। এটি করবেন না। অনেকে ভাবেন, এতে আশপাশের অন্য দাড়িও পেকে যায় বুঝি। যদিও সেই দাবিটি সত্যি নয়। এমন কিছু না ঘটলেও, পাকা দাড়ি তুললে ত্বকের ক্ষতি হয়।

• দাড়ি আঁচড়ান: চুলের মতো দাড়িও নিয়মিত আঁচড়ে পরিপাটি রাখতে হয়। দাড়িতে তেল লাগিয়ে ভালো করে আঁচড়ে নিন। এতে সর্বত্র তেল ছড়িয়ে পড়বে। আপনার প্রতিদিনের রুটিনে অবশ্যই দাড়ি আঁচড়ানো রাখবেন। তবেই শীতে সুন্দর থাকবে মুখভর্তি দাড়ি।

• বেশি করে পানি খান: দাড়ির যত্ন নেওয়ার জন্য শরীর আর্দ্র রাখা খুব দরকারি। না হলে দাড়িও রুক্ষ হয়ে যাবে। তাই রোজ তিন থেকে চার লিটার জল খান। তাতে শরীর আর্দ্র থাকবে, দাড়িও নরম থাকবে।

ইত্তেফাক/ইআ