মেয়র নির্বাচনে ব্যবসায়ী নেতাদের সমর্থন
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নির্বাচিত হলে নাগরিকদের সঙ্গে নিয়ে নগরের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়াও নাগরিকদের সমস্যা সরাসরি জানাতে ‘নগর অ্যাপ’ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। জন্ম, মৃত্যু কিংবা বিবাহ নিবন্ধনের মত নাগরিক সেবাকে স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি। গতকাল মহাখালীর রাওয়া কনভেনশন হলে তার সমর্থনে ব্যবসায়ী নেতাদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তৈরি পোশাক খাত ও টেক্সটাইল ব্যবসায়ীদের তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ ওই সভার আয়োজন করে। এতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতিসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে আতিকুল ইসলামকে জয়ী করতে তাদের সমর্থনের কথা জানান।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির। অন্যদের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিকেএমইএ’র সহ-সভাপতি মুনসুর আহমেদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সাবেক সহ-সভাপতি জসীম উদ্দিন, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বর্তমান এমপি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।
