সার্বিক উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতিসংঘ: অর্থমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২৩:৫৭

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, স্বাধীনতার লগ্ন থেকেই জাতিসংঘ বাংলাদেশের দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত অংশীদার এবং আমাদের সার্বিক উন্নয়ন অর্জনে এই সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাতিসংঘ বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহযোগী হিসাবে পূর্বের ন্যায় কাজ করবে বলে অর্থমন্ত্রী আশা ব্যক্ত করেন।

‘দ্য ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক (ইউএনএসডিসিএফ) ২০২২-২০২৬’ প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীর আগারগায়ে এনইসি-২ সম্মেলন কক্ষে রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের উদ্যোগে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি ভার্চুয়াল পদ্ধতিতে অতিথিরা অংশ নেন।

প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভার্চুয়ালি অংশ নেন। উদ্বোধনী বক্তব্য দেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে এবং ২০৩০ উন্নয়ন এজেন্ডা অর্জনে আবারও গতি অর্জনে এই ফ্রেমওয়ার্ক ভূমিকা রাখবে বলে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা এলডিসি থেকে উত্তরণ করতে চলেছি। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জন এবং এই উন্নয়নের সুবিধাসমূহ যেন সবাই সমানভাবে পায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোর জীবনে বাস্তব ও টেকসই পরিবর্তন আনার লক্ষ্য অর্জনে এই ফ্রেমওয়ার্ক কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী বক্তব্যে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, এই কোঅপারেশন ফ্রেমওয়ার্কের আওতায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘ কান্ট্রি টিমের যৌথ উদ্যোগ বাস্তবায়নের পটভূমি তৈরি হবে- যা বাংলাদেশ সরকার প্রণীত ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকে বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা, প্রতিটা শিশুর জন্য মানসম্পন্ন শিক্ষা প্রদান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘ পরিবার দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারের থাকবে মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রকাশনা অনুষ্ঠানে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানগণ, নিউইয়র্কে ইউএন ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অফিসের পরিচালক রবার্ট পাইপারও পূর্ব-ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়।

ইত্তেফাক/টিআর