ধোপাদিঘির দক্ষিণ পাড়ে পানি সংকট

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

আমরা ধোপাদিঘির দক্ষিণ পাড় নিবাসী সিলেট সিটি করপোরেশনের আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ধোপাদিঘির দক্ষিণ পাড় হয়ে বন্দর বাজার থেকে সুপানীঘাটের দিকে যে ২০০ গজ লম্বা সংযোগ সড়ক রয়েছে—সে সড়ক দিয়ে আজ দীর্ঘ চার যুগ ধরে পানি ও গ্যাসের বিতরণ লাইন টানা হয়নি বহুবার আবেদন করা সত্ত্বেও। আমরা এ এলাকার বাসিন্দারা চার শ ফুট দূর থেকে সড়ক ও জনপথ এবং সিটি করপোরেশনের রাস্তা কেটে ৪/৫গুণ টাকা খরচ করে পানির লাইন এনেছিলাম। সে লাইনের ওপর দিয়ে একাধিকবার রাস্তা বড় করার ফলে আমাদের পানির লাইন ও গ্যাসের লাইন রাস্তার নিচে চলে যায়। রাস্তা দিয়ে ২০ টন ওজনের গাড়ি চলাচল করায় আমাদের পানির লাইনের কয়েল পাইপ বসে যাওয়ায় লাইনে পানি অনেক কম আসছে। চড়া দামে ঠেলা গাড়ি থেকে পানি কিনে জীবন ধারণ করতে হচ্ছে। এই রাস্তা দিয়ে পানি ও গ্যাসের সঞ্চালন লাইন টানা হয়েছে। যদি সম্ভব হয় তাহলে পানির সঞ্চালন লাইন থেকে সংযোগ দিয়ে সাময়িকভাবে পানির ব্যবস্থা করা যেতে পারে। পরে বিতরণ লাইন বসানো হলে সঞ্চালন লাইন থেকে বিচ্ছিন্ন করে বিতরণ লাইনের সঙ্গে স্থায়ীভাবে সংযোগ দেওয়া যাবে। সিটি করপোরেশনকে সঞ্চালন লাইনের সঙ্গে সংযোগ দেওয়ার ব্যাপারে অনুরোধ করলে তারা বলে এটা সম্ভব নয়। অতীতে একাধিকবার টিউবওয়েল বসালেও আয়রন অত্যধিক থাকায় সে পানি ব্যবহার করা সম্ভব হয়নি। পরিশেষে, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি—আমাদের পানি সংকট দ্রুত সমাধানের জন্য।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়,

সদর, সিলেট ৩১০০