জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের শিল্পী তালিকা আগেই ঘোষণা হয়েছে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এবার এই সিনেমায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
‘বঙ্গবন্ধু’ বায়োপিকে শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইরফান সাজ্জাদ। এক সপ্তাহ আগে তিনি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা।
তিনি বলেন, এক সপ্তাহ আগে ‘বঙ্গবন্ধু’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয় আমাকে। ইতিহাসের সাক্ষীর অংশ হতে যাচ্ছি। আসলে এখানে তো কারো চাওয়ার কিছু নেই। এতো বড় আয়োজনের একটি সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এ সিনেমায় অভিনয়ের চেষ্টা করবো।
শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন আগরতলা ষড়যন্ত্র মামলার দুই নম্বর আসামি ছিলেন। সিনেমায় তার অংশের শুটিং শুরু হবে ডিসেম্বরের ৬ তারিখের পর।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের চলচ্চিত্রটি ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মুক্তি পেতে পারে।
প্রসঙ্গত, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা সাদিক আহমেদের ‘আ ব্লেসড ম্যান’ সিনেমায় অভিনয় করবেন ইরফান সাজ্জাদ। সাইক্লোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন সাজ্জাদ।
ইত্তেফাক/বিএএফ

সিয়ামের ‘শুভ চঞ্চল সকাল’
পরীমণির জন্য গাইলেন মমতাজ