ট্রাম্পের জরুরি অবস্থা চ্যালেঞ্জ করে ১৬ রাজ্যের মামলা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি অবস্থাকে চ্যালেঞ্জ করে মামলা করেছে ১৬টি রাজ্য। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলাটি করা হয়। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প জরুরি অবস্থা জারি করেছিলেন। খবর সিএনএনের

১৬টি রাজ্যের মামলার নেতৃত্বে দিচ্ছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ার বেসেরা। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যাতে সংবিধান লংঘন না করতে পারেন সেই চেষ্টা তারা করছেন। কংগ্রেস কর্তৃক আইনগতভাবে অর্থ বরাদ্দ করতে হবে। তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং আমেরিকান ও রাজ্যগুলোর কাছ থেকে অর্থ চুরি বন্ধের দাবি জানান। কলোরাডো, কানেক্টিকাট, ডেলাওয়ার, হাওয়াই, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, ওরেগন এবং ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেলরা মামলায় যুুক্ত হয়েছেন। রাজ্য ছাড়া সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভারসিটি, বর্ডার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এবং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নও মামলা করার ঘোষণা দিয়েছে। প্রত্যেকটা অভিযোগেই বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে অবজ্ঞা করে সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ সংগ্রহ করছেন। সংবিধান কংগ্রেসকে এই ক্ষমতা দিয়েছে, প্রেসিডেন্টকে নয়। জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতাবলে এভাবে জরুরি অবস্থা জারি করতে পারেন না বলে জানিয়েছেন মামলার বাদীরা। তারা এই ব্যবস্থাকে সঠিক পথ নয় বলে উল্লেখ করেছেন। জাভিয়ার বেসেরা বলছেন, রাজ্যগুলোর এই পদক্ষেপ নেওয়ার কারণ হলো-অর্থের অপব্যবহার যাতে না হয়। কারণ এভাবে অর্থ নিলে জনগন ক্ষতিগ্রস্ত হবে।