দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৫ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬

উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ২৫ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান ১৪ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন রয়েছেন। এসব পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ধাপের চারটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের সবকটিতেই একক প্রার্থী রয়েছেন। সেগুলো হচ্ছে-পাবনা সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের রাউজান উপজেলা। ইসি থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত সোমবার দ্বিতীয় ধাপের ১২৪টি উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল। এদিন চেয়ারম্যান পদে ৪৮৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সবমিলিয়ে ১ হাজার   ৬২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে। আর দ্বিতীয় ধাপের উপজেলাগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।

ইসি সূত্রে আরও জানা গেছে, দ্বিতীয় ধাপে ১৪টি উপজেলার চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। চট্টগ্রাম জেলার সাতটি উপজেলার পাঁচটিতেই চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। সেগুলো হচ্ছে- চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, মীরসরাই ও রাউজান। বাকি দুটি উপজেলার হাটহাজারীতে দুইজন ও ফটিকছড়িতে তিনজন প্রার্থী রয়েছেন। এছাড়া যেসব উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন সেগুলো হচ্ছে- বগুড়ার আদমদীঘি, নওগাঁ সদর, পাবনা সদর, মৌলভীবাজার সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া, রাঙ্গামাটির কাপ্তাই, খাগড়াছড়ির মানিকছড়ি।

এছাড়া যে পাঁচটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন সেগুলো হচ্ছে- পাবনা সদর, ফরিদপুর সদর ও বোয়ালমারী, নোয়াখালীর হাতিয়া এবং চট্টগ্রামের রাউজান উপজেলা। আর যে ছয়টি উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান একক প্রার্থী সেগুলো হচ্ছে- পাবনা সদর, সিলেটের কানাইঘাট, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া এবং চট্টগ্রামের রাউজান ও মীরসরাই উপজেলা।

এর আগে প্রথম ধাপের ৮৭ উপজেলা পরিষদের নির্বাচনে তিনপদে মোট ১ হাজার ৮৮ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৮৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৫ জন মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্ব্বিতায় নির্বাচিত হন।