বাবার সঙ্গে ভোটযুদ্ধে দুই ছেলে-দুই মেয়ে 

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫:৩৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে বাবা চেয়ারম্যান, চার ভাইবোন সদস্য পদে নির্বাচন করছেন। বাবা আবদুর রশীদ মোল্লা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।

আবদুর রশীদ মোল্লার সঙ্গে নির্বাচনের অংশ নিয়েছেন তার চার সন্তান। এদের মধ্যে দুই মেয়ে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করছেন। দুই ছেলে সদস্য পদে নির্বাচন করছেন। তারা একই ওয়ার্ডে একে অপরের প্রতিদ্বন্দ্বী।

উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রশিদ মোল্লা দলের মনোনয়ন চান। তাকে মনোনয়ন না দিয়ে বর্তমান চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ১৯ নভেম্বর রশিদ মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

ইউপি সদস্য পদে ৪ নম্বর ওয়ার্ডে রশিদ মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লা (ফুটবল) ও দিদার হোসেন মোল্লা (ঘুড়ি) প্রতীক নিয়ে  প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়ে তাহমিনা আক্তার ঝর্ণা সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ও জোসনা বেগম সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচন করছেন। দুজনের প্রতীক মাইক। একই পরিবারের পাঁচজন নির্বাচনে নেওয়ায় ভোটারদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডে রশিদ মোল্লার ভাতিজা আবু সুফিয়ান মোল্লা (মোরগ) সদস্য পদে ভোট করছেন। অর্থাৎ তিন ভাই একই ওয়ার্ডে সদস্য পড়ে লড়ছেন।

ছেলেমেয়েদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে রশিদ মোল্লা বলেন, জনগণের সেবার জন্য তারা ভোটের মাঠে নেমেছে। জনপ্রতিনিধি হিসেবে নিজেদের প্রমাণিত করে তারা জনগণের সেবা করতে চেয়েছে। আমি তাদের উদ্যোগকে সমর্থন করেছি।

 

ইত্তেফাক/ইউবি