টেকনাফে ‘দুই পক্ষের গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:৩০

টেকনাফ (কক্সবাজার ) সংবাদদাতা

টেকনাফে ইয়াবা চালান খালাসের নিরাপদ জোনে ‘দুই পক্ষের গোলাগুলিতে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গতকাল ভোররাতে উপজেলার অন্যতম ইয়াবার চালান খালাসের নিরাপদ জোন বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন দক্ষিণ লেঙ্গুরবিলে দু’পক্ষের মধ্যে ইয়াবার চালান খালাস নিয়ে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র, ১০ হাজার পিস ইয়াবাসহ একটি মৃতদেহ পাওয়া যায়। পরে তার পরিচয় জানা যায়।  নিহত ব্যক্তি দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদ আলম ওরফে মো. আলম (৩০)। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি দেশীয় অস্ত্র, ১০ হাজার ইয়াবা ও ১টি মৃতদেহ উদ্ধার করে। পরে থানায় এনে তার পরিচয় শনাক্ত করা হয়। টেকনাফে যতদিন মাদক চোরাচালান শূন্যের কোঠায় আসবে না ততদিন মাদক বিরোধী কটোর অভিযান অব্যাহত থাকবে।