নাঈমকে চাপা দেওয়া গাড়ির মূল চালক গ্রেফতার 

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭:৫৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় অভিযুক্ত গাড়ির মূল চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুনকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

আ ন ম ইমরান খান বলেন, ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাবের গোয়েন্দা দল। তদন্তকালে র‌্যাবের অভিযানে অভিযুক্ত গাড়ির চালক হারুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে  গ্রেফতার করা হয়।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, অবৈধভাবে গাড়ি বরাদ্দ নিয়ে তা চালানোয় পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া ও এ কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নতাকর্মী আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।

তিনি জানান, বরাদ্দ গাড়ি নিজে না চালিয়ে নিয়মবহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় করপোরেশনের গাড়িচালক মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা  সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২৪ নভেম্বর বেলা ১১টা ২০ মিনিটে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার গোলচত্বরের দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক নাঈম হাসানকে ধাক্কা দেয়। ওই সময় চালক ছিলেন চালক রাসেল খান। এরপর নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে দুপুর পৌনে ১২টর দিকে মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/ইউবি