রাশিয়ায় একটি সাইবেরিয়ান কয়লা খনিতে শ্বাসরুদ্ধ হয়ে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য ওই খনির ম্যানেজারকে সন্দেহজনক অভিযোগে আটক করা হয়েছে।
কিমারোভো খনি অঞ্চলে বেলোভো শহরের কাছে লিস্তোভাজনায়া খনি বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ধোঁয়ায় ভরে যায়। এতে খনির ভেতরে ২৮৫ জন আটকা পড়ে। বেশীর খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে. তবে কর্মকর্তারা বলেছেন, ৩৫ জন খনি শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়, খনি কর্মী এবং উদ্ধার অভিযানে অংশ নেয়া ৬ জনসহ মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস স্থানীয় জরুরি বিভাগের বরাত দিয়ে জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী খনিতে আর কেউ জীবিত নেই।’
এই খনি দুর্ঘটনার কারণ জানা যায়নি, তবে কিছু রাশিয়ান মিডিয়া রিপোর্টে বলেছে, খনির বায়ুচলাচল খাদের ধুলোয় আগুন ধরে যায়। এতে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
