মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় মঙ্গলবার ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকার জানান, দীর্ঘ দিন ধরেই সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে বসবাস ও ব্যবসা করে আসছিলো ২৬ ব্যক্তি। গত ২০ জানুয়ারি জেলা প্রশাসন অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তাদের নোটিস দেওয়া হয়। তারপরও তারা অবৈধ স্থাপনায় বসবাসসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছিল। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়। সরকার থেকে লিজ নিয়েই তারা ওই জায়গায় বসত-ঘর ও দোকানপাট নির্মাণ করে বলে দাবি করেন উচ্ছেদকৃত দোকান মালিক আতোয়ার রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই ওই জায়গায় তারা বসবাস ও ব্যবসা করে আসছেন।
